আলোকচিত্রী মনিরুল ইসলাম সবুজের জীবন ও কর্ম

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন   |   জীবনের গল্প

আলোকচিত্রী মনিরুল ইসলাম সবুজের জীবন ও কর্ম

মাসুদ আল হাসান:

নারায়ণগঞ্জের সংবাদচিত্র অঙ্গনের একজন সুপরিচিত ও প্রতিশ্রুতিশীল ফটোসাংবাদিক মনিরুল ইসলাম সবুজ। ১৯৮০ সালে তানবাজারের এস.এম. মালেহ রোডে এক সম্মানিত পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা তোফাজ্জল হোসেন ছিলেন স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক ইয়াদ’-এর সম্পাদক এবং মাতা মরহুমা মাহমুদা আক্তার একজন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ ব্যক্তি। পারিবারিকভাবে সাংবাদিকতার পরিবেশে বেড়ে ওঠায় শৈশব থেকেই তিনি সংবাদমাধ্যম ও সৃজনশীল কাজের প্রতি আকৃষ্ট হন।

মনিরুল ইসলাম সবুজের আলোকচিত্র যাত্রা শুরু হয় ১৯৯২ সালে, যখন মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম ক্যামেরা হাতে নেন। পরবর্তীতে নিজের দক্ষতা ও আগ্রহকে আরও পরিশীলিত করতে ১৯৯৬ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) থেকে ফটোগ্রাফির ওপর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তাঁর পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০০৭ সালে ‘দৈনিক আজকের নারায়ণগঞ্জ’-এ যোগদানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ফটোসাংবাদিকতা শুরু করেন। এরপর ২০০৮ সালে তিনি ‘দৈনিক ইয়াদ’-এ যুক্ত হন। কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে তিনি জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’-এ ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সংগঠনমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি পেশাজীবীদের স্বার্থ রক্ষায় অবদান রেখেছেন।

তাঁর দীর্ঘ কর্মজীবনে তোলা জীবনঘনিষ্ঠ ও বাস্তবধর্মী আলোকচিত্র বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’সহ বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীতে তাঁর কাজ স্থান পেয়েছে এবং তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। এছাড়া, ২০২৪ সালে নেপালে সিজন মিডিয়া থেকে ফটো সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ান প্রফেশনাল এচিভমেন্ট আওয়ার্ড অর্জন করেন।

মনিরুল ইসলাম সবুজের দৃষ্টিতে ফটোগ্রাফি শুধু পেশা নয়, বরং এটি একটি চ্যালেঞ্জিং ও সৃজনশীল শিল্পমাধ্যম। বিশেষ করে প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে সংবাদচিত্র ধারণে তাঁর আগ্রহ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। তাঁর বিশ্বাস, প্রতিটি আলোকচিত্র সময়ের এক একটি মূল্যবান দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাস্তবতা ও ইতিহাস তুলে ধরে।

পিতার আদর্শ ও নিজস্ব মেধা-পরিশ্রমের সমন্বয়ে মনিরুল ইসলাম সবুজ আজ নারায়ণগঞ্জের ফটোসাংবাদিকতায় একটি প্রতিষ্ঠিত নাম হিসেবে নিজেকে তুলে ধরেছেন।

Advertisement
Advertisement
Advertisement